Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিশ্বকাপ ২০২৬ / স্পেনের প্রথম ম্যাচ খেলতে পারবেন ইয়ামাল?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১০:৪৫ | আপডেট: ১৫ জুন ২০২৬ ২২:০৯

বিশ্বকাপ শুরুর আগে স্পেন শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল লামিন ইয়ামাল। তবে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তরুণ এই তারকা ফরোয়ার্ড। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ইয়ামাল এখন সম্পূর্ণ ফিট এবং খেলার জন্য প্রস্তুত।

গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন ইয়ামাল। এরপর তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।

যদিও গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি, তবুও কেপ ভার্দের বিপক্ষে স্পেনের বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন কোচ।

বিজ্ঞাপন

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘ভালো খবর হলো, লামিন এখন একেবারে নিখুঁত শারীরিক অবস্থায় রয়েছে। আমরা তাকে যে অবস্থায় দেখতে চেয়েছিলাম, সে এখন ঠিক সেই পর্যায়ে পৌঁছেছে। সে ভালো আছে, যেমন নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনোজও ভালো আছে।’

তবে ফিট হলেও প্রথম ম্যাচে ইয়ামালকে শুরু থেকেই মাঠে নামানো হবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো ইঙ্গিত দেননি স্প্যানিশ কোচ। বরং ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে বেঞ্চ থেকে নামানোর পরিকল্পনা থাকতে পারে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘ডাক্তাররা আমাদের জানিয়েছেন, লামিন কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে। হয়তো পুরো ৯০ মিনিট নয়, তবে নির্দিষ্ট সময়ের জন্য মাঠে নামতে পারবে। একই বিষয় নিকো উইলিয়ামসের ক্ষেত্রেও প্রযোজ্য।’

কোচ আরও জানান, মেডিকেল ও ফিটনেস টিমের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন ইয়ামাল। পুনর্বাসন প্রক্রিয়া সফল হওয়ায় তিনি এখন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার জন্য প্রস্তুত।

তবে স্পেন কোনো ঝুঁকি নিতে চায় না। তাই কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে তাকে সীমিত সময়ের জন্য ব্যবহার করা হতে পারে। ম্যাচের পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী দ্বিতীয়ার্ধে ইয়ামালকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর