Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ফাইনালিসিমা নিয়ে ধোঁয়াশা, কবে মুখোমুখি হচ্ছেন মেসি-ইয়ামাল?

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৬ ১০:৩০

এই মাসের শেষেই হওয়ার কথা ছিল ফাইনালিসিমার মহারণ। তবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় হুমকির মুখে পড়েছে আর্জেন্টিনা-স্পেন ম্যাচটি। শঙ্কা জেগেছে, আদৌ কি মুখোমুখি হতে পারবেন লিওনেল মেসি-লামিন ইয়ামাল?

কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হওয়ার কথা। ইরান-ইসরায়েল চলমান সংকটে জড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যও।

মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় ফাইনালিসিমার ম্যাচটি কোথায় হবে, আদৌ হবে কিনা, সে বিষয়ে আগামী সপ্তাহের শেষ দিকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইউয়েফা।

যুদ্ধাবস্থায় নিজেদের দেশের সব ধরনের ফুটবল বন্ধ ঘোষণা করেছে কাতার। আর এতেই আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিস্সিমা ম্যাচটি কাতারে আয়োজন করা নিয়ে জেগেছে শঙ্কা।

বিজ্ঞাপন

ফাইনালিসিমা আয়োজনের জন্য প্রচুর বিনিয়োগও করেছে কাতার। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, দোহায় ম্যাচটি আয়োজনের সব ধরনের চেষ্টা চালাচ্ছে তারা।

রয়টার্সকে পাঠানো বিবৃতিতে ইউয়েফা বলেছে, ‘স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে, যারা ম্যাচটি সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষ দিকে নেওয়া যাবে, এমনটাই আশা করা হচ্ছে। এই মুহূর্তে বিকল্প কোনো ভেন্যু বিবেচনা করা হচ্ছে না।’

রয়টার্স আরও বলেছে, কাতার থেকে সরে গেলে ভেন্যু হিসেবে পছন্দের তালিকায় আছে লন্ডন। আবার স্প্যানিশ গণমাধ্যমের খবর, রোম ও মিলানকেও বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ২০২২ সালের ফাইনালিসিমা হয়েছিল। সেবার ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর