Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আবু সাঈদ হত্যার অকাট্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের হাতে: আমিনুল

স্টাফ করেসপন্ডেট
৭ এপ্রিল ২০২৬ ১৬:০২ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৬:৫৩

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় শক্ত প্রমাণ রয়েছে বলে দাবি করেছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মামলাটিতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণের মতো অকাট্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে এবং তারা একটি প্রত্যাশিত রায়ের আশাবাদী।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, তদন্তে আমরা এমন প্রমাণ পেয়েছি, যা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে যথেষ্ট। আমরা বিশ্বাস করি, আদালত থেকে একটি কাঙ্ক্ষিত রায় পাওয়া যাবে।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য বিশ্বজুড়ে আলোচিত হয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদনেও এ ঘটনা উঠে এসেছে। এ মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

মামলায় আসামির সংখ্যা ৩০ জন হওয়ায় মামলা দুর্বল হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আসামির সংখ্যা বেশি বা কম হওয়া মামলার শক্তি-দুর্বলতার বিষয় নয়। যারা অপরাধে জড়িত, তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬ জন গ্রেফতার রয়েছেন। তারা হলেন- এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর