Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সাতক্ষীরায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার, কার্ড ছাড়াই মিলবে তেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৭:০০ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৮:৩৫

সাতক্ষীরা: সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জেলা প্রশাসন। ঘোষণা জারির পরপরই জনমনে সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দিলে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলে তেল নিতে জেলা প্রশাসকের সিল ও সইযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ তেল সংগ্রহ করতে হবে।

তবে ঘোষণাটি প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জেলা প্রশাসন ফুয়েল কার্ড সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে।

বিজ্ঞাপন

জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জানান, ঘোষণার পর জেলা প্রশাসক সংশ্লিষ্ট ধারা বাতিল করেছেন। ফলে মোটরসাইকেলে তেল নিতে আর ফুয়েল কার্ডের প্রয়োজন হবে না। বৈধ কাগজপত্র থাকলেই চালকরা জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস বলেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু জনমনে প্রতিক্রিয়া তৈরি হওয়ায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।

তবে জেলা প্রশাসনের অন্যান্য নির্দেশনা বহাল রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। তেল নেওয়ার সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখা এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক থাকবে।

এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর