Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ২০:১২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০০:২৮

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন।

ঢাকা: মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ই-পাসপোর্ট কার্যক্রম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প এর উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শামস আখতার ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং ই-পাসপোর্টের প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মনোয়ার হোসেন মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ২০২৪-এর জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায় প্রবাসীদের কাছে ই-পাসপোর্ট সেবা পৌঁছে দেওয়ায় পাসপোর্ট ও অভিবাসন অধিদফতরের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত আরও বলেন, ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের আধুনিক, নিরাপদ ও কার্যকর সেবা দেওয়ায় এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াসমূহ সহজতর ও নিরাপদ হয়েছে।

তিনি বাংলাদেশ দূতাবাস ইয়াঙ্গুনে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/দফতরের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশি কমিউনিটির সদস্যরা তাদের বক্তব্যে ই-পাসপোর্ট সেবা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একই সঙ্গে তাঁরা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন, মিয়ানমারে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শামস আখতার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান। এছাড়াও পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মিয়ানমারে বসবাসরত বাংলাদেশের নাগরিকরা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা দূতাবাসে স্থাপিত ই-পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর