Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মিয়ানমারে পাচারকালে সার ও ২টি নৌকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১৫:১৪

জব্দ হওয়া সার।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩৩ বস্তা সার এবং দুইটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১০ জুলাই) মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি’র আভিযানিক দল পৃথক দু’টি অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টার দিকে দমদমিয়া বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া এলাকায় প্রথম অভিযানটি চালায়। অভিযানকালে নাফ নদীর কিনারা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হস্তচালিত কাঠের নৌকাসহ ১০ বস্তা সার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পর, রাত ১২টা ২০ মিনিটে বিজিবি জানতে পারে যে চোরাকারবারিরা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সার নাফ নদী দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে দমদমিয়া ওমরখাল সংলগ্ন কেওড়া বাগানে মজুত করেছে। তথ্যের সত্যতা যাচাই করে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে সেখানে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় কেওড়া বাগান থেকে আরও একটি হস্তচালিত কাঠের নৌকাসহ পরিত্যক্ত অবস্থায় ২৩ বস্তা সার উদ্ধার করা হয়।

পৃথক দু’টি অভিযানে উদ্ধারকৃত সর্বমোট ৩৩ বস্তা সার এবং দুইটি কাঠের নৌকার আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৩০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকাগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর