Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টানা তৃতীয় বার বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল পৌনে ২ লাখ

সারাবাংলা ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২০

মূল্যবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: মাত্র দুইদিনের ব্যবধানে ফের সোনার দর সংশোধন করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সোনার দাম বাড়াল সংস্থাটি। সর্বশেষ দর সংশোধনে মূল্যবান এই ধাতুটির দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়েছে। ফলে এখন থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৩০ আগস্ট সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে ওইদিনও রুপার দাম অপরিবর্তিত থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর