Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৫ ১০:৩০ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১২:০৫

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হারমোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শহরের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত দেশটি।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ‘এই ভয়াবহ দুর্ঘটনার কারণ উদঘাটনে আমরা একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরু করেছি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।’

রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানিয়েছেন, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে।

বিজ্ঞাপন

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম X-এ (পূর্বে টুইটার) শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোনোরা রেডক্রস জানিয়েছে, উদ্ধারকাজে তাদের ৪০ জন কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত না হলেও স্থানীয় গণমাধ্যমের ধারণা, এটি বৈদ্যুতিক ত্রুটিজনিত হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়াল্ডো’স’-এর ওই দোকানটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না।

হারমোসিলোর ফায়ার সার্ভিস প্রধান জানান, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটেছিল কিনা, তা নিয়েও তদন্ত চলছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর