Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৭:১২

সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল।

কুড়িগ্রাম: সদর উপজেলার ধরলা নদীর ওপর প্রস্তাবিত বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করলেন চীনা রোড ব্রিজ করপোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৩ মে) দুপুরে চীনের রোড ব্রিজ করপোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই-এর নেতৃত্বে পাঁচ সদস্যের দল বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলার দুই পাড় পরিদর্শন করেন।

চীনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন চীনা রোড ব্রিজ করপোরেশনের বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।

এ সময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দল সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় ধরলা নদীর ওপর ১ হাজার ৭৫০ মিটার প্রস্তাবিত সেতু নির্মাণের নকশা প্রণয়ন ও কারিগরি বিষয় পরিদর্শন করেন।

এর আগে, ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী উপজেলাসহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সদরের শিবরাম বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাবনা দেয় এলজিইডি।
সেতুটি নির্মাণ হলে যোগাযোগের সুবিধাসহ জীবনমান উন্নয়ন হবে ৩ উপজেলার ৮ লক্ষাধিক মানুষের। ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক পণ্য আনা-নেওয়ার সুযোগও বৃদ্ধি পাবে।

বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী বলেন, ‘ঈদের পরে একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা নির্ণয় করার পর রির্পোট দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর