Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২০:২৭

অভিযানের সময়কার চিত্র।

যশোর: যশোর শহরের নীলগঞ্জ এলাকায় মেসার্স নওয়াব আলী গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ওই গোডাউনের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকার ওই গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে বিপুল পরিমাণ ভোজ্য তেলের সন্ধান মেলে। সেখানে ২১১ ব্যারেল তেল মজুত ছিল। যার মধ্যে সয়াবিন তেল ৮১ ব্যারেল, পামঅয়েল ৯০ ব্যারেল ও সুপার অয়েল ৪০ ব্যারেল। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিল। জব্দকৃত মোট ৪৩ হাজার ৪৪ লিটার তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভোজ্য তেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ তেল মজুত করা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক হাসিব ইমামীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর