Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিশ্বকাপ ২০২৬ / বিশ্বকাপ থেকে বিদায়ে দায়িত্ব ছাড়ার ঘোষণা পর্তুগাল কোচের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১১:৩০

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরই পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ। স্পেনের বিপক্ষে হারের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ করতে না পারায় দায়িত্বে থাকার কোনো কারণ দেখছেন না।

সোমবার স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় পর্তুগালের। ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। বিদায়ের ম্যাচে আবেগাপ্লুত হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। আর ম্যাচ শেষেই নিজের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত জানিয়ে দেন মার্টিনেজ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। বিশ্বকাপ জিততে না পারলে দায়িত্বে থেকে যাওয়ার কোনো অর্থ নেই বলে মনে করি।’

বিজ্ঞাপন

মার্টিনেজ জানান, তার চুক্তির মেয়াদও শেষ হয়েছে। ফলে নতুন কোচ নিয়োগের জন্য এখন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সামনে সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। আমি অত্যন্ত গর্বিত। পর্তুগালে আমি এমন উষ্ণ অভ্যর্থনা পেয়েছি যেন আমিও একজন পর্তুগিজ। এই দায়িত্ব পালন করা ছিল আনন্দের, গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব। এখন ফেডারেশনের বোর্ড ও সভাপতি নতুন কোচ নির্বাচনের সুযোগ পাবেন। আমার চুক্তি আজই শেষ হচ্ছে।’

স্পেনের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন ৫১ বছর বয়সী এই কোচ। তার মতে, ম্যাচের ফল নির্ধারণ করেছে খুব ছোট ছোট কিছু মুহূর্ত।

মার্টিনেজ বলেন, ‘রক্ষণে আমরা সাহসী ছিলাম, আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছি এবং খুব ভালোভাবে ডিফেন্ড করেছি। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোর মতো ম্যাচে ছোট ছোট বিষয়ই বড় পার্থক্য গড়ে দেয়। বল পোস্টে লেগে জালে যাবে কি যাবে না, কিংবা ৯০তম মিনিটে দ্রুত নেওয়া একটি ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ—এমন ক্ষুদ্র মুহূর্তই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।’

বিদায়ী ম্যাচে খেলেছেন পর্তুগালের কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোও। তার নেতৃত্ব, পেশাদারিত্ব এবং দলের প্রতি অবদানের ভূয়সী প্রশংসা করেন মার্টিনেজ।

তিনি বলেন, ‘তাকে ধন্যবাদ জানাতেই হয়, কারণ তিনি ছিলেন একজন আদর্শ অধিনায়ক। শুধু গোল নয়, অ্যাসিস্টেও তার অবদান অসাধারণ। প্রতিদিনের অনুশীলন, প্রস্তুতি এবং ফুটবলকে ঘিরে তার জীবনযাপন সত্যিই অনুকরণীয়। তিনি একজন উদাহরণ, আর সেটিই উদযাপন করা উচিত।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর