Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

​’আমাকে কিছুই অবাক করে না’, বিসিবিতে বারবার রদবদল নিয়ে সিমন্স

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২৩:১২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০০:০২

২০২৪ সালের মে মাসে ফিল সিমন্স যখন বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব নিলেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফারুক আহমেদ। তার সপ্তাহ দুই পরই ফারুক আহমেদকে সরিয়ে সভাপতির চেয়ারে বসেন আমিনুল ইসলাম। ১০ মাস পর সেই আমিনুলও বিদায়। এবার বিসিবির সভাপতির চেয়ারে বসেছেন তামিম ইকবাল। অর্থাৎ এই অল্প সময়ের মধ্যেই তিনজন সভাপতিকে দেখে ফেলেছেন সিমন্স। তবে এসব তাকে অবাক করে না বলেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ।

বোর্ডের এসব পরিবর্তন ক্রিকেট মাঠে কোনো প্রভাব ফেলে না, এমন কথাও বলেছেন সিমন্স। একদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এক প্রশ্নের উত্তরে এমন কথা বলেছেন সিমন্স।

বিজ্ঞাপন

সিমন্স বলেন, ‘জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না (হাসি)। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, এটা জীবন নিয়েই আমার উপলব্ধি। আমি এতটাই চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছি যে আমি জানি, প্রতিদিন কত কিছু ঘটে যেতে পারে, তাই কোনো কিছুতেই আমি আর বিস্মিত হই না।’

ক্যারিবিয়ান কোচ দাবি করেছেন এসব পরিবর্তন মাঠের ক্রিকেটকে প্রভাবিত করে না, ‘একটা সিরিজের প্রস্তুতির জন্য আমরা যেভাবে দলকে তৈরি করি বা যে পরিশ্রম করি, সেখানে কোনো পার্থক্য গড়ে দেয়নি (সভাপতি বদলে যাওয়া) এটা। কোচিং গ্রুপ হিসেবেও আমাদের কাজের ধরনে এটি কোনো প্রভাব ফেলেনি।’

বোর্ডের পরিবর্তন মাঠের ক্রিকেটকে প্রভাবিত করেনি, তার ব্যাখ্যাও দিয়েছেন সিমন্স। বলেছেন, ‘আমরা কী করছি বা কীভাবে অনুশীলন করছি, তাতে এটা কোনো প্রভাব ফেলেনি। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, ঠিক সেভাবেই সব শেষ হয়েছে। আর যদি খেলোয়াড়দের ওপর প্রভাবের কথা জিজ্ঞাসা করেন, তবে তা তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে। কারণ, আমি ব্যক্তিগতভাবে কোনো মানসিক প্রভাব দেখতে পাচ্ছি না। তারা সব কাজ ঠিকঠাক করেছে, বরাবরের মতোই কঠোর পরিশ্রম করেছে এবং কেউ কেউ তো স্বাভাবিকের চেয়েও বেশি খেটেছে। সিরিজের প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন, তার সবই তারা করে যাচ্ছে।’

সিমন্সের কথা কতটা ঠিক তা বুঝা যাবে কদিনের মধ্যেই! আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচ হবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজের পর কিউইদের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর