Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টি-টোয়েন্টি বিশ্বকাপ / ‘১০ দেশ মিলে যা বাংলাদেশ একাই তা’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৪:২৪

শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তাশঙ্কায় ভারতে না গিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি তাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করা হয়েছে। এতো আইসিসির সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।

অতীতে নিরাপত্তা শঙ্কার কারণে ম্যাচ সরিয়ে নেওয়ার অনেক উদাহারণ আছে আইসিসির ইভেন্টে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন নয়, প্রশ্ন তুলেছেন ইউসুফ। পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার আইসিসিরি ধারাবাহিকতা ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার এক্স হ্যান্ডলে এক পোস্টে বাংলাদেশের বড় সমর্থক গোষ্ঠির কথাও উল্লেখ করেছেন। বলেছেন, দশটি দেশ মিলিয়ে যত সমর্থক বাংলাদেশে একাই ততো ক্রিকেট সমর্থক।

মোহাম্মদ ইউসুফ লিখেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শকসংখ্যার প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের একারই। ১০টি দেশ মিলে: ১৭ কোটি ৮০ লাখ (দর্শক)। বাংলাদেশ: ১৭ কোটি ৬০ লাখ (দর্শক)।’

একই পোস্টে ইউসুফ এরপর লেখেন, ‘একটি খেলা যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষা করা (আইসিসির) ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি না মেনে বাংলাদেশকে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করাতে শুরু থেকেই সমালোচনা করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে বলা হয়েছে পিসিবির পক্ষ থেকে।

সেই সঙ্গে বাংলাদেশকে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করার কারণে নিজেরাও বিশ্বকাপ বয়কর করবে কিনা তা নিয়ে ভাবছে পাকিস্তান। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর