Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‘ক্ষমতাসীনদের দুর্বলতায় আবারও জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান হতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৩:১৭ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১৭:৩৫

ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা: ক্ষমতাসীনদের দুর্বলতা এবং জনগণের গণভোটের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে ভবিষ্যতে আবারও জুলাইয়ের মতো গণঅভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি’র মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর উত্তরার নর্থ টাওয়ার হাউজবিল্ডিং এলাকায় ‘জুলাই গ্রাফিটি আর্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেলিম উদ্দিন বলেন, এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারের সতর্ক থাকা উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেউ কেউ আওয়ামী লীগের ভাষ্য অনুসরণ করে দলটির পুনর্বাসনের চেষ্টা করছে। জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে। জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বা অপমানজনক বক্তব্য দেশের মানুষ মেনে নেবে না। জুলাইকে ঘিরে অপপ্রচারের পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াত নেতা বলেন, কোটি মানুষের অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমেই ‘৩৬ জুলাই’-এর সফলতা অর্জিত হয়েছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই বাংলাদেশ পরিচালিত হওয়া উচিত। দেশের ইতিহাসের অংশ হিসেবে জুলাইয়ের স্মৃতি ও গ্রাফিতি রাষ্ট্রের উদ্যোগে সংরক্ষণ করার আহ্বান জানান তিনি।

উত্তরার ভূমিকার কথা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে উত্তরা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এখানে বহু মানুষ শহিদ ও আহত হয়েছেন। সে সময় তৎকালীন সরকারের বাহিনী ঘরে ঘরে অভিযান চালিয়ে নির্যাতন-নিপীড়ন চালিয়েছিল। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই গণঅভ্যুত্থান সফল হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জুলাই আন্দোলনে জামায়াতে ইসলামী ‘ছায়ার মতো’ পাশে ছিল দাবি করে সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনে প্রাণ দিয়েও কাজ করবে জামায়াতে ইসলামী।

বক্তব্য শেষে তিনি ‘৩৬শে জুলাই’ স্মরণে উত্তরার বিভিন্ন সড়কে জুলাই গ্রাফিটি অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচি আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। পরে শহিদ মুগ্ধ মঞ্চে সেরা গ্রাফিতি শিল্পীদের পুরস্কৃত করা হবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর