Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিশ্বকাপ ২০২৬ / ফাইনালে উঠে মেসির বিশেষ বার্তা

ক্রীড়া ডেস্ক
১৬ জুলাই ২০২৬ ০৯:৫৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১৩:১৬

এভাবেও ফিরে আসা যায়! আর্জেন্টিনা ফিরল। ফিরল সেই লিওনেল মেসির পায়ের জাদুতেই। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল লিওনেল স্কালোনির দল। ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টাইন অধিনায়ক বলছেন, বিশেষ এই ম্যাচে আত্মবিশ্বাস না হারানোর সুবাদেই জয় পেয়েছে দল।

১-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনার বিদায় মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে নকআউট পর্বের আগের তিন ম্যাচের মতো এবারও শেষ ১০ মিনিটে ঘুরে দাঁড়াল মেসিরা। এনসো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেসের দুই গোলই এসেছে মেসির অ্যাসিস্টে।।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা ছিল। জাতীয় সংগীতের মুহূর্তে সবাই বিশেষ এক অনুভূতি পেয়েছি। দলের সবাই বুঝেছিল, এটি সাধারণ কোনো ম্যাচ নয়। পুরো আর্জেন্টিনা এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। সেই লক্ষ্য পূরণ করে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরেছি।’

বিজ্ঞাপন

সমালোচকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি, ‘এই দল আমাকে অবাক করে না। অনেকের সন্দেহ ছিল, কারণ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট ছিল না। কিন্তু আমরা একসঙ্গে থাকলে সবসময় নিজেদের সেরাটা দিতে পারি।’

ম্যাচে পিছিয়ে পড়ার পরও দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন আর্জেন্টাইন অধিনায়ক ‘পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য। ম্যাচ কঠিন হয়ে যাওয়ার পরও আমরা বিশ্বাস হারাইনি। নিজেদের খেলায় ফিরেছি, বলের নিয়ন্ত্রণ নিয়েছি এবং প্রতিপক্ষকে চাপে রেখেছি। শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।’

বিশ্বকাপ শুরুর আগেই দলের ওপর পূর্ণ আস্থা ছিল বলেও জানান মেসি, ‘আমি জানতাম এই দল শেষ চারে থাকবে এবং শিরোপার জন্য লড়বে। এখন আবারও ফাইনালে উঠেছি। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল এবং টানা দুটি বিশ্বকাপের ফাইনাল, এটা সত্যিই অসাধারণ অর্জন।’

রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই মেসি জানালেন, ‘স্পেন দুর্দান্ত একটি দল। তাদের খেলার ধরন বহু বছর ধরে একই রকম। বিশ্বকাপের ফাইনাল সবসময়ই বিশেষ এবং আমি মনে করি ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

শেষে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মেসি বলেন, ‘এটি বিশেষ একটি ম্যাচ ছিল। আমরা হারতে পারতাম না। যদি হেরে যেতাম, অনেকেই নানা বোকামিপূর্ণ কথা বলত। আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় সামর্থ্যে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন ম্যাচে ইতিহাস, আবেগ ও চাপ সবকিছুই কাজ করে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর