Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পানগুছি নদীতে ৩ দিন ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ১০:৩৬

​বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল সংস্কার কাজের জন্য শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে ৩ দিনের জন্য বন্ধ থাকবে। ফেরি বন্ধ থাকায় নদীর উভয় পাড়ে যানবাহন ও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। পণ্যসহ লোকজন নৌকায় করে পারাপার হতে হচ্ছে। তবে শহরে বাস ও ট্রাক যেতে পারছেনা।

​ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন উঠানো এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শেষে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে পূর্বের ন্যায় পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

​এর আগে, গত মঙ্গলবার (৩০ জুন) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩ দিন ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

বিজ্ঞাপন

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে যান চলাচলে চরম অসুবিধা হচ্ছিল। এছাড়া পানগুছি নদীর বারইখালী প্রান্তের পন্টুন মেরামত করা জরুরি হয়ে পড়েছিল এবং জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল। যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতেই এই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দ্রুত গতিতে সংস্কার কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময় শেষে আগামী সোমবার সকাল ৬টা থেকে আবারও ফেরি দিয়ে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে। সাময়িক এই অসুবিধার জন্য সড়ক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর