Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সিটিজেনস ব্যাংকের ডিজিটাল লেনদেন ৩১ ঘণ্টা বন্ধ থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৯:২৪ | আপডেট: ১ জুলাই ২০২৬ ২০:৫২

– ছবি : সংগৃহীত

ঢাকা: ডেটা সেন্টার স্থানান্তরের কাজের কারণে সিটিজেনস ব্যাংক পিএলসির বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) রাত ১টা থেকে ৪ জুলাই (শনিবার) সকাল ৮টা পর্যন্ত, মোট ৩১ ঘণ্টা ব্যাংকটির কার্ড ও ডিজিটাল লেনদেন-সংক্রান্ত সেবা ব্যবহার করা যাবে না।

বুধবার (১ জুলাই) এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সিটিজেনস ব্যাংক তাদের ডেটা সেন্টার স্থানান্তরের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এই সময়ের জন্য ব্যাংকিং কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা স্থগিত রাখবে।

বিজ্ঞাপন

এ সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপভিত্তিক ব্যাংকিং এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ডিজিটাল লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

এ কারণে গ্রাহকদের প্রয়োজনীয় লেনদেন আগেই সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি অন্য তফসিলি ব্যাংকগুলোকে বিষয়টি সম্পর্কে অবহিত থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যাতে আন্তঃব্যাংক লেনদেন বা গ্রাহকসেবায় কোনো ধরনের বিভ্রান্তি না হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। ডেটা সেন্টার স্থানান্তরের কাজ শেষ হলে সিটিজেনস ব্যাংকের ডিজিটাল সেবাগুলো আবার স্বাভাবিকভাবে চালু হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর