Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৮:৩০ | আপডেট: ২২ জুন ২০২৬ ২০:১০

ঢাকা: বাংলাদেশে কার্যরত বিদেশি দূতাবাসগুলোর কনস্যুলার ফি ও ভিসা প্রসেসিং ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এসব অর্থ বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশে প্রেরণ করা যাবে।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রধান শাখার জন্য প্রযোজ্য হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি দূতাবাসগুলো বাংলাদেশে টাকায় যে কনস্যুলার ফি সংগ্রহ করে এবং তা কোনো এডি ব্যাংকে রক্ষিত টাকায় পরিচালিত হিসাব (Taka Account)-এ জমা রাখে, সেই অর্থ সংশ্লিষ্ট দূতাবাসের কনস্যুলার ফি সংগ্রহের উদ্দেশ্যে বিদেশে পাঠানো যাবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

এ ছাড়া, বিদেশি দূতাবাসের মনোনীত আবাসিক এজেন্টদের মাধ্যমে সংগৃহীত ভিসা প্রসেসিং ফি-ও দূতাবাস বা তাদের মূল কার্যালয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত ব্যাংক হিসাবে বিদেশে পাঠানো যাবে।

তবে এ সুবিধা ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে কয়েকটি শর্ত মানতে হবে। দূতাবাস নির্ধারিত বিনিময় হার অনুযায়ী ভিসা ফি সংগ্রহ করতে হবে। একই সঙ্গে দূতাবাস, তাদের মূল কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা চালান (ইনভয়েস) এবং আবেদনভিত্তিক আদায়ের বিবরণ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রযোজ্য কর কর্তনের বিষয়টিও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে পূর্ববর্তী নির্দেশনার অন্য সব বিধান অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষকে নতুন নির্দেশনার বিষয়টি অবহিত করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এ নির্দেশনার ফলে বিদেশি দূতাবাসগুলোর কনস্যুলার ও ভিসা–সংক্রান্ত অর্থ লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে অনুমোদিত ব্যাংকগুলোর কার্যক্রমেও স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর