Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিশ্বকাপ ২০২৬ / ৭১ সেকেন্ডের গোলে জিতল মরক্কো

ক্রীড়া ডেস্ক
২০ জুন ২০২৬ ০৭:০১ | আপডেট: ২০ জুন ২০২৬ ১০:২৯

প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে দুর্দান্ত পারফর্ম করে ড্র করেছিল তারা। গত আসরের সেমিফাইনালিস্ট ও আফ্রিকার শক্তিশালী দল মরক্কো এবার জয় পেল স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ সি এর দ্বিতীয় ম্যাচে ৭১ সেকেন্ডে করা ইসমায়েল সাইবারির গোলে স্কটিশদের ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠল আশরাফ হাকিমির দল।

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে মুখোমুখি হয়েছিল মরক্কো-স্কটল্যান্ড। প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে মরক্কো। স্কটল্যান্ডের ছয় শটের একটিও লক্ষ্যে ছিল না।

ম্যাচের ২য় মিনিটেই এগিয়ে যায় মরক্কো। মাঝমাঠ থেকে আচমকা হাওয়ায় ভাসিয়ে দারুণ এক থ্রু বল বাড়ান ব্রাহিম দিয়াস, এবং চোখের পলকে রক্ষণে ভেঙে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন সাইবারি। দুই পাশে তাকিয়ে আর কাউকে দেখতে না পেয়ে, নিজেই জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসভি আইন্দহোভেনের এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড টানা দ্বিতীয় ম্যাচে পেলেন গোলের দেখা। জাতীয় দলের হয়ে তার গোল হলো ১১টি।

ব্রাজিলের বিপক্ষে যে দুইজনের দারুণ বোঝাপড়ায় প্রথমে গোল পেয়েছিল মরক্কো, এখানেও সেই দিয়াস-সাইবারির জুটির নৈপুণ্যে ৭১ সেকেন্ডেই এগিয়ে যায় দলটি।

প্রথমার্ধে আর গোল হয়নি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সাইবারির আরেকটি প্রচেষ্টা একজনের গায়ে লেগে ক্রসবারে বাধা পায়। পরের মিনিটে তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার বিলাল এল কানুসের হেড ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি স্কটিশ গোলরক্ষক।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। শেষ রাউন্ডে গ্রুপের সবচেয়ে দুর্বল দল হাইতির মুখোমুখি হবে মরক্কো, আর ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার, বাংলাদেশ সময় ভোর ৪টায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর