Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

স্টাফ করেসপন্ডেট
১৫ জুন ২০২৬ ১০:৫৬ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১২:৪৬

জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপস।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ সোমবার (১৫ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ৮ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ডিফেন্স আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুর কারণে ট্রাইব্যুনাল এক দিনের জন্য কার্যক্রম স্থগিত করেন।

বিজ্ঞাপন

মামলায় বর্তমানে চার আসামি গ্রেফতার অবস্থায় কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি। অন্য আসামিদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি পলাতক রয়েছেন।

গত ১০ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সে সময় গ্রেফতার চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে মোহাম্মদপুর এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আরও বহু মানুষ আহত হন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর