Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শ্রমজীবীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ বাজেট, সংশোধনের দাবি রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৭:৪২

ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের বিশাল শ্রমজীবী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এই বাজেট সংশোধন ও শ্রমিকদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার এক যৌথ বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারি।

নেতারা বলেন, দেশের প্রায় ৭০ লাখের অধিক চালক ও তাদের ওপর নির্ভরশীল ৩ কোটি মানুষের জীবন-জীবিকাকে এই বাজেটে চরমভাবে উপেক্ষা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের কারণে মেহনতি মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, অথচ সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে এই বিশাল জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত কোনো সুরক্ষার ব্যবস্থা রাখা হয়নি। সুলভ মূল্যে স্থায়ী রেশনিং ব্যবস্থা, কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য চিকিৎসা তহবিল বা সাশ্রয়ী আবাসন ব্যবস্থার মতো জরুরি বিষয়গুলো বাজেটে অনুপস্থিত রাখা অত্যন্ত অমানবিক ।

বিজ্ঞাপন

নেতারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইকের প্রাতিষ্ঠানিক নিবন্ধন এবং চালকদের লাইসেন্স প্রদানের দাবি জানানো হলেও বাজেটে এ বিষয়ে কোনো রোডম্যাপ রাখা হয়নি। নিবন্ধন না থাকায় চালকরা স্থানীয় প্রশাসন ও একশ্রেণির চাঁদাবাজের হয়রানি ও উচ্ছেদের শিকার হচ্ছেন। সরকারের এই উদাসীনতা প্রকারান্তরে চাঁদাবাজদের উৎসাহিত করবে এবং রাষ্ট্র বিপুল রাজস্ব হারাবে বলে তারা মনে করেন।

তারা বলেন, অবিলম্বে এই বাজেট সংশোধন করে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা’ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে নামমাত্র ফিতে বিআরটিএ কর্তৃক যানবাহনের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদান এবং শ্রমিকদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা তহবিল ও স্থায়ী রেশন কার্ডের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে প্রণোদনার মতো শিল্পবান্ধব উদ্যোগ বৃদ্ধিরও দাবি জানান ইউনিয়নের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর