Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মুন্সীগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৫:৫২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম জরিপ শেখ (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী ফাতেমা বেগম দুধ কিনতে প্রতিবেশীর বাড়িতে গেলে গরুর গোবর ফেলা নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত পলাশ ফাতেমা বেগমকে ইট দিয়ে আঘাত করে বলে অভিযোগ রয়েছে।

পরে ফাতেমা বেগম বিষয়টি তার স্বামী জরিপ শেখকে জানালে তিনি স্থানীয় ব্যক্তিদের নিয়ে অভিযুক্ত ইউসুফ সেখের বাড়িতে যান। সেখানে ঘটনার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, এ সময় ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে ইউসুফ শেখ কুড়াল দিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত ইউসুফ সেখ ও তার ছেলে পলাশকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী জানান, ফাতেমা বেগমকে মারধরের বিষয়ে জানতে গেলে অভিযুক্তরা দা ও কুড়াল নিয়ে হামলা চালায়। এতে জরিপ শেখ গুরুতর আহত হয়ে মারা যান।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর