Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রামিসা হত্যা মামলায় সোহেল ও স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে পুলিশ

স্টাফ করেসপন্ডেট
২৪ মে ২০২৬ ১২:৩২ | আপডেট: ২৪ মে ২০২৬ ১৪:০১

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করতে যাচ্ছে পুলিশ।

রোববার (২৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে আজই আদালতে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, নিহত রামিসা রাজধানীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হলে অভিযুক্ত স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। পরে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজ করতে গিয়ে তার মা অভিযুক্তদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান।

বিজ্ঞাপন

দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় কক্ষের ভেতর রামিসার মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার মাথা একটি বড় বালতির ভেতরে রাখা ছিল বলে জানায় পুলিশ।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

ঘটনার পরদিন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গ্রেফতার সোহেল রানা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। জবানবন্দিতে তিনি আরও বলেন, রামিসাকে বাথরুমে নিয়ে ধর্ষণের পর সে অচেতন হয়ে পড়লে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে মাথা শরীর থেকে আলাদা করা হয়। ঘটনার সময় তার স্ত্রী একই কক্ষে উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর