Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মহেশখালীতে ডাকাতদলের ৪ সদস্য অস্ত্রসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১১:০২

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত ফজল কাদের বাহিনীর কয়েকজন সদস্য মহেশখালী থানাধীন ধলঘাটা এলাকার নাছিরডেইল সংলগ্ন স্থানে অবস্থান করছে বলে জানা যায়। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে বাহিনীটির চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আটক ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মো. আলমগীর (৩৪), তৌহিদুল ইসলাম কালু (২৪), ফারুক (২৫) ও কাইয়ুম উদ্দিন (৩৫)। তারা সবাই মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উপকূলীয় এলাকায় অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর