Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

প্রবাসীদের মেধা ও পরিশ্রমে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৪:৫৫

ঢাকা: প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তাদের অর্জিত জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলছে। ভবিষ্যতে বাংলাদেশের টেকসই উন্নয়নে আরও বড় পরিসরে ভূমিকা রাখার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ইংল্যান্ড গণতন্ত্রের সূতিকাগার। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডেই নিজেদের প্রতিষ্ঠিত করেননি, বরং তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাতেও অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, উন্নয়নের মূলধারায় বাংলাদেশের নারীদের অংশগ্রহণ বর্তমান বিশ্বে এক উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের নারীরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। এছাড়াও, তিনি বাংলাদেশি নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও জোরদার করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এই ধরনের পারস্পরিক সফর ও আলোচনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে তারা প্রত্যাশা করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর