Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শিগগিরই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৭:৩৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ২০:৩৩

ঢাকা: দেশের বর্তমান সম্প্রচার নীতিমালা শিগগিরই সংশোধন করতে যাচ্ছে সরকার। এই সংশোধনীর মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে পূর্ণাঙ্গ ডিজিটাইজেশনের আওতায় আনার পাশাপাশি নীতিমালায় ঐতিহাসিক কিছু পরিবর্তন আনা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য সচিব মাহবুবা ফারজানার সঙ্গে টেলিভিশন মালিকদের সংগঠন ‘এ্যাটকো’ এবং ক্যাবল অপারেটরদের সংগঠন ‘কোয়াব’ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সংশ্লিষ্ট নেতারা জানান, সম্প্রচার নীতিমালার বর্তমান ভাষাগত কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে নীতিমালায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি সাম্প্রতিক গণঅভ্যুত্থানের ইতিহাস সংযোজন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে আধুনিকায়ন ও টেকসই করার লক্ষ্যে সেগুলোকে ‘পে চ্যানেল’ হিসেবে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে টেলিভিশন মাধ্যমটি সরাসরি গ্রাহকদের কাছ থেকে আয়ের সুযোগ পাবে।

বিজ্ঞাপন

সম্প্রচার খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পূর্ণাঙ্গ ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) জানা সম্ভব হবে। এর ফলে কন্টেন্টের মান ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। ডিজিটাইজেশনের এই নতুন পদ্ধতি বাস্তবায়িত হলে একদিকে টেলিভিশন চ্যানেলগুলো যেমন আর্থিকভাবে লাভবান হবে, অন্যদিকে সরকারও এই খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে এই সংশোধনীর প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ ঐক্যমত পোষণ করে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর