Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে পেছাল বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৬ ০৯:৩৭

ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। এতে র‍্যাংকিংয়েও এল দুঃসংবাদ। ফিফার হালনাগাদ করা নতুন তালিকায় আগের অবস্থান থেকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরী দলের অবস্থান এখন ১৮১ নম্বরে। বাংলাদেশের মতো ফিফা র‍্যাংকিংয়ে পিছিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনাও।

আগের তালিকায় বাংলাদেশ ছিল ১৮০ নম্বর অবস্থানে। ভিয়েতনামের কাছে হারের পর বাংলাদেশের অবস্থান এখন ১৮১। অন্যদিকে বাংলাদেশকে হারানো ভিয়েতনাম পাঁচ ধাপ এগিয়ে ১০৩ নম্বরে উঠেছে।

র‍্যাঙ্কিংয়ে ওঠানামা দেখেছে শীর্ষ দশের কয়েকটি দলও। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেমন এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমেছে। আজ ভোরে ফিফা প্রীতি ম্যাচে ১১৫ নম্বরধারী মৌরিতানিয়াকে ২–১ গোলে হারালেও লিওনেল মেসিদের পয়েন্ট খুব একটা বাড়েনি। আর্জেন্টিনাকে টপকে দুইয়ে উঠেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এ সপ্তাহে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জেতা স্পেন যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে।

বিজ্ঞাপন

অবস্থান অপরিবর্তিত আছে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডেরও। তবে এক ধাপ এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৬ থেকে ৫ নম্বরে উঠে এসেছে দলটি। একইভাবে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডসও। গতকাল রাতে নরওয়েকে ২–১ গোলে হারিয়েছে ডাচরা।

পর্তুগাল ও নেদারল্যান্ডসের এগোনোর বড় কারণ ব্রাজিলের পিছিয়ে পড়া। ফ্রান্সের কাছে হেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাঁচ থেকে দুই ধাপ পিছিয়ে সাতে চলে গেছে। শীর্ষ দলে সবচেয়ে বেশি পিছিয়েছে কার্লো আনচেলত্তির দলই।

র‍্যাঙ্কিংয়ের ৮ থেকে ১১ নম্বর স্থানে অবশ্য আর কোনো পরিবর্তন নেই। এই চারটি স্থান যথাক্রমে দখল রেখেছে মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। অন্যদিকে এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছে এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে না পারা ইতালি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর