Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঈদযাত্রার দুর্ঘটনা দুর্বল তদারকির প্রতিফলন: জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৯:২৯ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২১:৫৬

জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এসব দুর্ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন। সদরঘাটের দুর্ঘটনায় নিহত মো. সোহেল (২২)-এর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক বলেও উল্লেখ করা হয়।

দলটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। একই সঙ্গে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতদের আরোগ্য কামনা করা হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, দেশের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনো নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। অথচ নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব।

ঈদকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও যাত্রীচাপ বাড়বে—এটি পূর্বানুমেয় হলেও, প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর তদারকির অভাব রয়েছে বলে দাবি করেছে দলটি। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের ভোগান্তির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার, ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বিবৃতির শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর