Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভাড়ার কথা বলে অটোরিকশা চালক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১১:৫১

অপহৃত অটোরিকশা চালক সাদ্দাম হোসেন।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে এক অটোরিকশা (টমটম) চালককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে স্বজনেরা।

অপহৃত অটোরিকশা চালকের নাম সাদ্দাম হোসেন (২৪)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর লম্বরী এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রোববার (৮ মার্চ) রাত প্রায় ৯টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় কয়েকজন ব্যক্তি ভাড়ার কথা বলে সাদ্দাম হোসেনকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার ব্যবহৃত মুঠোফোন থেকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে পরিবারের সদস্যদের নোয়াখালীপাড়া ইলিয়াস কুবরা বাজার এলাকায় গিয়ে অটোরিকশাটি নিয়ে যেতে বলে। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে অটোরিকশাটি খুঁজে পাননি। একই সঙ্গে সাদ্দাম হোসেনের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

অপহৃতের স্ত্রী মরিয়ম আক্তার বলেন, রাত প্রায় ১১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে জানান, সাদ্দাম হোসেনকে অপহরণ করা হয়েছে এবং তাকে মুক্ত করতে টাকা দিতে হবে। সোমবার (৯ মার্চ) সকাল আটটার দিকে আবার ফোন করে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয়।

অপহৃতের মা হাসিনা বেগম বলেন, অপহরণকারীরা বারবার ফোন করে টাকা প্রস্তুত রাখতে বলছে। তার দাবি, ছেলেকে মারধর করা হয়েছে এবং সে ঠিকমতো কথা বলতে পারছে না।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর