Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টানা ৩ বারে সোনার দাম কমলো ১৩০৯৯ টাকা

সারাবাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫ ২১:২১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২২:২৭

মূল্যবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: অস্থির সোনার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কারণ, টানা তিনবার মূল্যবান এই ধাতুটির দাম কমেছে ১৩ হাজার ৯৯ টাকা। তার পরও সোনার ভরি দুই লাখ টাকার ওপরে অবস্থান করছে। এর আগে গত ৬ অক্টোবর সোনার ভরি ইতিহাসে প্রথম দুই লাখ টাকা ছাড়ায়।

এদিকে আজ ভরিতে সোনার দাম কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা। ফলে এখন ভালোমানের প্রতিভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। এদিন রুপার দামও কমেছে। ভালো মানের রুপার ভরিতে দাম কমেছে ১ হাজার ২২৪ টাকা। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা কিনতে হবে ৪ হাজার ২৪৬ টাকায়।

সোমবার (২৭ অক্টোবর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।

এদিকে এদিন রুপার দাম কমানোরও ঘোষণা দেয় বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৬ অক্টোবর সোনা ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম কমেছিল। তবে এদিন রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর