Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাবিতে শিক্ষক ফোরামের শাটডাউন কর্মসূচি স্থগিত

রাবি করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম। আগামীকাল থেকে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় ফেরার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। তবে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সহযোগিতা প্রত্যাশা করেন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকরা আগে থেকেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরেছেন।

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় নিয়ে আসবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের আশ্বাস প্রদান করেন। পরে শিক্ষক ফোরামের সকল সদস্যের সাথে পরামর্শ করে আমাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা করছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের কথা রাখতে ব্যর্থ হয় তাহলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাবো।’

এ বিষয়ে জানতে চাইলে ইউট্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. মো. খালেদউজ্জামান (মিজান) বলেন, ‘আমরা প্রশাসনের আশ্বাসে আমাদের কর্মসূচি স্থগিত করেছি। তবে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আবারও কঠোর আন্দোলনে যাবো। পোষ্য কোটার বিষয়ে আমরা কোন কথা বলতে চাইনা। আমরা আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষায় ফিরবো বলে জানান তিনি।’

রাকসু নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘রাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন ভালো জানেন। তবে সুষ্ঠু রাকসু নির্বাচন দিতে যা যা করনীয় তা যদি প্রশাসন করতে পারে তাহলে অবশ্যই রাকসু নির্বাচন অনুষ্ঠিত
হবে।’

সারাবাংলা/এনএমই/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর