Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মুখোশধারী চাঁদাবাজদের হুমকি, গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৩

গণপিটুনিতে নিহত আলমগীর হোসেন। ছবি কোলাজ: সারাবাংলা

খুলনা: জেলার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে আলমগীর হোসেন রানা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জামিরা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেল ৩টার দিকে মুখোশধারী ৫–৬ জন তিনটি মোটরসাইকেলে এসে জামিরা বাজারের দুটি দোকানে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। এরপর তারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হুমায়ুন কবির মোল্লাকে খুঁজতে থাকে এবং জীবননাশের হুমকি দেয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে প্রতিবাদে নামে।

বিজ্ঞাপন

এরপর ঘটনায় জড়িত সন্দেহে বিকেল সাড়ে ৪টার দিকে পার্শ্ববর্তী টোলনা গ্রামের আলমগীর হোসেন রানাকে ধরে এনে গণপিটুনি দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করার চেষ্টা করে। এসময় আলমের স্ত্রী-পুত্র তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেও পুলিশের সামনেই ফের গণপিটুনি শুরু করে জনতা। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, নিহত আলমগীর হোসেন রানা এক সময়ে মাছের ব্যবসা করত। মাছ কেনা বেচাকে কেন্দ্র করে মাছের আড়তের সভাপতি হুমায়ুন কবিরের সঙ্গে তার বিরোধ ছিল। যে কারণে ওই আড়তে আলমের মাছ কেনা বন্ধ হয়ে যায়। তবে আড়তদার এ অভিযোগ অস্বীকার করেছেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেন রানাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর