Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে রোমানিয়ার বিশ্ববিদ্যালয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টপ
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫১

রোমানিয়ার পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ দূতাবাসের মধ্যে সমঝোতা সই। ছবি: সংগৃহীত

ঢাকা: রোমানিয়ার পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে একাডেমিক, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা সংক্রান্ত্র একটি সমাঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এই সমাঝোতার অধীনে প্রতিবছর ছয় থেকে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিভাগে বৃত্তি দে‌বে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সমাঝোতা স্মারকটি সই করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ্‌নাজ গাজী এবং রোমানিয়ার প্লয়েস্ত শহরে অবস্থিত পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. এলিন দিনিতা।

বিজ্ঞাপন

বুখারেস্টের বাংলা‌দেশ দূতাবাস জা‌নায়, সমাঝোতা স্মারকের অধীনে প্রতিবছর ৬ থেকে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিভাগে বৃত্তি দেওয়া হবে। ওই স্কলারশিপ কাভারেজের মধ্যে থাকবে টিউশন ফি মউকুফ, ফ্রি আবাসন সুবিধা এবং খাবারের জন্য আংশিক খরচ। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের আগের শিক্ষা অবশ্যই প্রকৌশলের বিভিন্ন বিভাগের অধীনে হতে হবে। পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের সময়সীমা দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের ব্যাপ্তি সাড়ে চার বছর।

রাষ্ট্রদূত শাহ্‌নাজ গাজী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে রোমানিয়ার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দিন দিন সম্পর্কের কলেবর বাড়ছে। একইসঙ্গে বাংলাদেশেও জ্বালানি, বিদ্যুৎ ও শক্তির ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে প্রয়োজন জ্বালানি ও শক্তির সঠিক ব্যবহার। এক্ষেত্রে বিশেষায়িত শিক্ষায় ডিগ্রি নেওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের পরিবেশ রক্ষা ও শক্তিশিল্পের জন্য হতে পারে এক অনন্য মাইলফলক।’

স্কলারশিপ প্রোগ্রাম ক‌বে থে‌কে চালু হ‌বে জান‌তে চাই‌লে দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল জানান, আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপ প্রোগ্রামটি কার্যকর হবে। এক্ষেত্রে আগামী এপ্রিল ২৬ থেকে আবেদন শুরু হবে। মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রকৌশলে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

তিনি আরও জানান, এছাড়া, আইইএলটিএস-এ ন্যূনতম ৬ থাকতে হবে। খুব শিগ‌গিরই স্কলারশিপ প্রোগ্রামের বিস্তারিত দূতাবাসের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় ইউরোপীয় ইউনিয়নের পেট্রোলিয়াম ও গ্যাস সংক্রান্ত একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ১৫টি বিভাগে মাস্টার্স করা যায় এবং মেকানিকাল, ইলেকট্রিকাল, কেমিক্যাল, অটোমেশন, পেট্রোলিয়াম ও গ্যাসসহ পাঁচটি বিষয়ে পিএইচডি প্রোগ্রাম রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর