Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিয়ের ৭ দিনের মাথায় ডেঙ্গু কেড়ে নিল যুবকের প্রাণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮

ইফফাত নূর তানভীর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিয়ের মাত্র সাতদিনের মাথায় ওই যুবকের মৃত্যুর ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার লোকজনের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত ইফফাত নূর তানভীর (২৮) চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের তেল্লাপুকুর পাড়ের সিম্যান্স হোস্টেল এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার বড় তানভীর ডিজিটাল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদ’র বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ সারাবাংলাকে বলেন, ‘তানভীর নামে একজন রোগী আইসিইউ-টু এর ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তিনি ডেঙ্গু আক্রান্ত ছিলেন। একইসঙ্গে তার কমপ্লিট হার্ট ব্লক ছিল। এ ছাড়া শরীরের ওজন অস্বাভাবিক বেশি ছিল। এর ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

তানভীরের একই এলাকার বাসিন্দা ও পারিবারিক ঘনিষ্ঠজন ইরফান চৌধুরী সারাবাংলাকে জানান, গত ৯ সেপ্টেম্বর থেকে তানভীর জ্বরে ভুগছিলেন। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় আজ (বুধবার) সকালে তাকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

তানভীর সদ্য বিবাহিত উল্লেখ করে ইরফান বলেন, ‘বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তার বিয়ে হয়। বিয়ের দুইদিন আগ থেকেই সে জ্বরে ভুগছিল। মাত্র সাতদিনের মাথায় তার সদ্য বিবাহিত স্ত্রী বিধবা হলেন। খুব ধুমধাম করে তার বিয়ে হয়েছিল। কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এ শোক সহ্য করার মতো নয়।’

ছেলের মৃত্যুর খবর পেয়ে তানভীরের মা নাসিমা বেগম স্ট্রোক করেন এবং তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইরফান চৌধুরী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর