Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‘দেশে ফিজিওথেরাপি খাতে অপচিকিৎসা রোধে নিবন্ধন দেওয়া হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৪

ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সভাপতি ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, ‘বাংলাদেশে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন খাতে অপচিকিৎসা প্রতিরোধে ও সেবার মানোন্নয়নে রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার (ফিজিওথেরাপি) লাইসেন্স ও পেশাজীবীদের নিবন্ধন প্রদান দ্রুত বাস্তবায়িত হবে।’

সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এবং সম্মিলিত ফিজিওথেরাপি চিকিৎসক পরিষদের উদ্যোগে রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এবারের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য ছিল: বয়স্ক মানুষের শারীরিক সুস্থতা ও বয়সজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে ফিজিওথেরাপি চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ষাটোর্ধ্ব মানুষ মোট জনসংখ্যার ১০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ মোট জনসংখ্যার তিনভাগের একভাগ মানুষ বার্ধক্যে উপনীত হবে। বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষায় ফিজিওথেরাপি একটি কার্যকর সমাধান। সরকার এ খাতে নীতি সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। এই কারণে রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার (ফিজিওথেরাপি) লাইসেন্স প্রদান জরুরি।’

বাংলাদেশ মেডিকেল কলেজের চেয়ারম্যান ও বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন বলেন, ফিজিওথেরাপি স্বাস্থ্য ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। সরকারি ও বেসরকারি সমন্বয় বাড়লে এই খাত আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এর সাংগঠনিক সম্পাদক ডা. মো. নেছার উদ্দিন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, ডা. মো. রিজওয়ানুর রহমান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) স্বাস্থ্য অধিদপ্তর এবং সিআরপি-র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিএর সাধারণ সম্পাদক ডা. এম শাহাদাৎ হোসেন এবং সমাপনী বক্তব্য প্রদান দেন বিপিএর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তারা দ্রুত সময়ে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল থেকে ফিজিওথেরাপি চিকিৎসকদের লাইসেন্স ও নিবন্ধন ও প্রাইমারি লেভেল থেকে টারশিয়ারি লেভেল পর্যন্ত ফিজিওথেরাপি চিকিৎসকদেরকে নবম গ্রেডে নিয়োগের ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিজিওথেরাপি চিকিৎসক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন এ আয়োজনের মাধ্যমে দেশে ফিজিওথেরাপি সেবা আরও বিস্তৃত ও গ্রহণযোগ্য হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর