Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ষড়যন্ত্রকারীরা ব্যর্থ, জনগণের ভোটে জিতেই সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২১:৪৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ২২:৪৬

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিগত চার মাস নানান প্রতিবন্ধকতার কারণে জাতীয় সংসদে আসতে দেওয়া হয়নি জানিয়ে ক্ষোভ প্রকাশ ও অভিযোগ করেছেন চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিনের সংসদ অধিবেশন শুরু হয়। তিনি বলেন, জনগণের ভোটে জিতেই তিনি সংসদে এসেছেন। দেশের সর্বোচ্চ আদালত থেকে আইনি লড়াইয়ে সব ষড়যন্ত্র ভেদ করে তিনি এই সংসদে এসেছেন।

তিনি আরও বলেন, এই অনাকাঙ্ক্ষিত দীর্ঘসূত্রিতার ফলে ফটিকছড়ির সাধারণ মানুষ একজন সংসদ সদস্যের মাধ্যমে যেসব সুযোগ-সুবিধা ও অধিকার পাওয়ার কথা ছিল, তা থেকে বঞ্চিত হয়েছে। জাতীয় সংসদে নিজের বক্তব্যে ফটিকছড়ির ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সূর্যসেন, প্রীতিলতা ও মনিরুজ্জামান ইসলামবাদীর স্মৃতিবিজড়িত চট্টগ্রাম মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি মজবুত ঘাঁটি। তিনি বলেন, ১৯৭১ সালে যখন দেশের রাজনৈতিক নেতৃত্ব এক চরম সংকটে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ জিয়াই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশ স্বাধীন করেছিলেন।

বিজ্ঞাপন

নিজের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে ও বাইরে ঘটে যাওয়া বিভিন্ন ষড়যন্ত্রের চিত্র তুলে ধরে তিনি বলেন, যারা প্রতিনিয়ত ইনসাফ ও ন্যায়ের কথা বলেন, তারাই মূলত মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে জাতির কাছে ছোট ও হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়েছেন। তার বিরুদ্ধে কোনো ব্যাংকের মামলা ছিল না। অথচ নির্বাচনের ঠিক আগমুহূর্তে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত তাকে আদালতের দরজায় দরজায় ঘুরে হয়রানির শিকার হতে হয়েছে।

তিনি বলেন, এত প্রতিকূলতার মাঝে মাত্র ৬ দিন প্রচারণার সুযোগ পেয়েও ফটিকছড়ির সাধারণ মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রাপ্ত ভোটের অর্ধেকের চেয়েও কম ভোট পেয়েছেন। শহীদ জামাল উদ্দিনের পর ফটিকছড়িতে এই প্রথম প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদে আসার গৌরব অর্জন করেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীও মাত্র তিন মাস এই এলাকার সংসদ সদস্য ছিলেন, কিন্তু পরে রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার হয়ে তাকে জীবন দিতে হয়েছে। বর্তমানেও কিছু স্বার্থান্বেষী মহল ফটিকছড়ির মানুষকে তাদের ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত করতে নানামুখী চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর