Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চায় বিএনপি: হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা: সব ধর্মাবলম্বী মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করতে চায় বিএনপি। এমন মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশের জন্য লড়ছেন, যেখানে ‘ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার’।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মেরাদিয়া হিন্দুপল্লিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, এই বাংলাদেশে সবার অধিকার সমান। এই বাংলাদেশ আপনারও, আমারও। এখানে আপনাকে যেমন নিরাপদ থাকতে হবে, আমাকেও তেমনি নিরাপদ থাকতে হবে। আপনার ভোটের যে দাম, আমার ভোটেরও সেই একই দাম।

বিজ্ঞাপন

রাষ্ট্রের মালিকানা সবার সমান উল্লেখ করে ধানের শীষের এই প্রার্থী বলেন, তিনি এমপি হলেও সাধারণ মানুষের চেয়ে আলাদা কোনো সুবিধা নেবেন না। সবাই নিজ নিজ ধর্ম পালন করতে গিয়ে সমান সুযোগ-সুবিধা পাবে। আমি যেমন আমার ধর্ম পালন করতে সব সুবিধা পাব, আপনিও তেমনি পাবেন।

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে সবাই গর্ব করে বলতে পারবে, তুমিও এই দেশের মালিক, আমিও এই দেশের মালিক। ভোটাধিকার, নিরাপত্তা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জন্মের পর থেকেই তিনি এই এলাকায় বসবাস করছেন এবং ভবিষ্যতেও এখানেই থাকবেন। এলাকার অনেক নেতার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনকে সামনে রেখে নয়, বরং ছোটবেলা থেকেই এই মানসিকতা নিয়ে বড় হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলে থাকার সময়ও এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে মা-বোন, মুরুব্বি ও ভাইয়েরা নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন।

এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে চান জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, যেকোনো সময় জনগণ তার সঙ্গে দেখা করে নিজেদের দাবি ও সমস্যা তুলে ধরতে পারবেন এবং তিনিও নিয়মিত মানুষের কাছে যাবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর