Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বেগম জিয়া হেঁটে কারাগারে গেলেন, ফিরে এলেন ‍হুইল চেয়ারে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২২:০৬

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

চট্টগ্রাম ব্যুরো: বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত আছে সবই শেখ হাসিনা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম জিয়া হেঁটে হেঁটে কারাগারে গেলেন, ফিরে আসলেন ‍হুইল চেয়ারে। দিনের পর দিন তাকে সেখানে কাটাতে হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরেরখীল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মীরবাড়িতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘শেখ হাসিনা এদেশকে তার পৈতৃক সম্পত্তি মনে করতেন। তিনি মনে করতেন বেগম খালেদা জিয়া বোধহয় তার পথের কাঁটা। তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার তিনি সেটি করেছেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ন্যায়নীতি, আইনকানুন কোনোকিছুর তোয়াক্কা করেননি। অনেকে বলেন, জেলখানায় তার খাবারে বিষ পর্যন্ত মেশানো হয়েছিল। কত অত্যাচার, নির্যাতন করেছেন। এরপরও বেগম জিয়াকে টলানো যায়নি। তিনি এদেশ ছেড়ে, এদেশের জনগণকে ছেড়ে কোথাও যাননি।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নিজের ও পরিবারের স্বার্থে ক্ষমতা ভোগ করেছেন। সে সময়ে সোনা কিনে মজুদ করা ও লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো— এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে। সব ছেড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে জমানো সোনা নিয়ে যেতে পারেননি। ‘হাসিনা তো কোনো জমিদারের মেয়ে না যে, তার ৮৩২ ভরি স্বর্ণলাংকার থাকবে। জমিদার হলেও তো তার এতো ভরি স্বর্ণলাংকার থাকার কথা না। তার বাড়ি গোপালগঞ্জ এবং তিনি কেমন তা সবাই জানে। দেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুটপাট করে স্বর্ণালংকার কিনেছেন আর পুর্বাচলে প্লট নিয়েছেন।’

এর আগে রুহুল কবির রিজভী আহমেদ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি— আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে ভিড় করছেন, এতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং এমন পরিস্থিতি অন্যান্য রোগীদেরও সমস্যায় ফেলছে।’

উদ্বিগ্ন নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনারা আবেগ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, সুস্থতার জন্য মোনাজাত করছেন— এটাই স্বাভাবিক। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই সবার প্রতি আহ্বান, আপনারা নিজ নিজ অবস্থান থেকেই তার জন্য দোয়া করুন। দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর