Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় সিম্পোজিয়াম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৮:২০ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১৯:২১

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় সিম্পোজিয়াম

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।

মঙ্গলবার (১৪ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টের তথ্য মতে, ১৩ জুলাই অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল, থিংক ট্যাংক ও শিক্ষাঙ্গণের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট ও সিপিসির সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় সিপিসি ও বিএনপির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে, যা দুই দলের মধ্যে বিনিময় ও সহযোগিতায় নতুন গতি সঞ্চার করবে।’

রাষ্ট্রদূত আরো বলেন, ‘দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়নে এবং রাষ্ট্র পরিচালনা, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদারে বাংলাদেশের সব বন্ধুপ্রতিম রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিপিসি। এর মাধ্যমে দুই দেশের জনগণ আরো বেশি উপকৃত হবে।’

সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং নতুন যুগে ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি’ গড়ে তুলতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর