Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বন্যার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কন্ট্রোল রুম চালুর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৯:১২ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ২০:৫৫

বিদ্যুৎ বিভাগ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দেশের চলমান বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালুর নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি ডিউটি রোস্টারও প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, রাজধানীর বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত সার্বক্ষণিক কন্ট্রোল রুম পরিচালিত হবে। জনসাধারণের অভিযোগ ও তথ্য গ্রহণের জন্য কন্ট্রোল রুমের টেলিফোন ও মোবাইল নম্বরও নির্ধারণ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব ভাগ করে ডিউটি রোস্টার প্রস্তুত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিদ্যুৎ সরবরাহ-সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে সমন্বয়, জরুরি বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলে বিকল্প কর্মকর্তা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে এই কন্ট্রোল রুম সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে। আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর