Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বন্যার্তদের সহায়তায় সরকার সর্বশক্তি নিয়োগ করেছে: মাহদী আমিন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ২১:১৫ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ২৩:৫৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

ঢাকা: দেশের বন্যাকবলিত মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর সন্ধ্যায় মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুর্গত এলাকায় খাদ্য, অর্থসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সরকারের সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় ইতোমধ্যে সরকার আড়াই হাজার মেট্রিক টন চাল বিতরণ করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

দুর্যোগ মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দুর্গত মানুষের খাদ্য, আশ্রয় ও জরুরি প্রয়োজন মেটাতে প্রশাসন মাঠপর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার কাজ করছে এবং একই সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিক করতে ব্যাপক সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈষম্যহীন, মেধাভিত্তিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে তিনি মত প্রকাশ করেন।

সরকারি বাংলা কলেজের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলা ভাষার বিকাশ ও চর্চার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্র রাজনীতিতেও এই কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য।

অনুষ্ঠানে সরকারি বাংলা কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর