Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দেশে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ২১:০০ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ২১:৪২

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: বৃষ্টিপাত কমতে শুরু করায় দেশে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার (১২ জুলাই ) থেকে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে, তবে চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি এখনও রয়েছে।

রোববার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে কমতে শুরু করেছে বৃষ্টিপাতের পরিমাণ এবং বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আকস্মিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আপাতত দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে সাঙ্গু, মাতামুহুরি, খোয়াই এবং কুশিয়ারার পানি কমতে শুরু করেছে। এতে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা দেখছে না বন্যা পূর্বাভাস কেন্দ্র এবং রোববার থেকে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সারা দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এর সঙ্গে যোগ হয়েছে পাহাড়ধস আর জলাবদ্ধতার ভোগান্তি। বিশেষ করে চট্টগ্রামের পরিস্থিতি সবচেয়ে বিপর্যস্ত আকার ধারণ করেছে। শুক্রবার সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে চট্টগ্রামের পতেঙ্গায় ২১১ মিলিমিটার এবং আমবাগানে বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার, যদিও আগের দিনের তুলনায় বৃষ্টি অর্ধেকে নেমেছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আগামী রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকলেও এরপর ধীরে ধীরে কমতে পারে। এদিকে রাজধানীতেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি ঝরছে। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর