Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

৩৪ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, আসছে ঝড়-বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ২২:৫৭ | আপডেট: ১ জুন ২০২৬ ১০:০৬

তাপপ্রবাহ। প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনাসহ দেশের ৩৪টি জেলায় বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। ফলে আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে। এতে সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের রোববারের (৩১ মে) পূর্বাভাস অনুযায়ী, সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এবং দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী জেলা এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতরের নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম হলে মাঝারি, ৪০ থেকে ৪২ ডিগ্রির কম হলে তীব্র এবং ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী পাঁচদিন আট বিভাগে কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে। পরবর্তী পাঁচদিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। ফলে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টার আবহাওয়া বিশ্লেষণ করে দেখা গেছে যে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া পরিবর্তনের এই ধারার মধ্যেই মঙ্গলবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২৫ শতাংশের কম এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর