Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১২:১১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৩

বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে সিইসি এবং চার নির্বাচন কমিশনার বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন। বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে পাঁচ সদস্যের কমিশন নিজেদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক করেন।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সব ধরনের প্রস্তুতির বিষয়ে অবহিত করে। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করেন। বুধবার বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সকাল থেকেই আগারগাঁওয়ে নির্বাচন ভবন এলাকা ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনের তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ, বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ভোটের দিন নির্ধারিত থাকবে। আর গণভোটের জন্য কেবল ভোটের তারিখ উল্লেখ করা হবে।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের অন্যান্য সদস্য হলেন—নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ। আর নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আখতার আহমেদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর