Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১০:৫৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৩:১৬

ঢাকা:  সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিল এর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি গতকাল (১০ নভেম্বর) রিয়াদে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক প্রবাসী কর্মীদের কল্যাণে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। জিসিসিভুক্ত দেশগুলোতে প্রবাসীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে কাউন্সিলের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত অধিকাংশ মেডিকেল সেন্টার ঢাকায় অবস্থিত হলেও বাংলাদেশের অধিকাংশ প্রবাসগামী কর্মী প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। ফলে মেডিকেল টেস্টের জন্য ঢাকায় আসা তাদের জন্য কষ্টকর ও ব্যয়সাধ্য। অনেক সেন্টারের বিরুদ্ধে নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায়, রিপোর্টে বিলম্ব ও হয়রানির অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।

সিনিয়র সচিব জানান, দেশে কাউন্সিলের কোনো আঞ্চলিক তদারকি অফিস না থাকায় এসব মেডিকেল সেন্টারকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব হচ্ছে না। এজন্য বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও গালফ হেলথ কাউন্সিলের মধ্যে সমন্বিত সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি তিন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেন এবং প্রতি পক্ষ থেকে একজন করে ফোকাল পয়েন্ট নির্ধারণের প্রস্তাব করেন। পাশাপাশি মেডিকেল সেন্টারের বিরুদ্ধে অভিযোগ তাৎক্ষণিকভাবে জানানোর জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরিরও প্রস্তাব দেন।

গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক প্রবাসী কর্মীদের কম খরচে, স্বচ্ছ ও সহজ মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন। তিনি বলেন, অনুমোদিত মেডিকেল সেন্টারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে উভয় পক্ষ সমন্বিতভাবে কাজ করবে।

এ সময় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর