Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন কি না, রায় আজ

স্টাফ করেসপন্ডেট
৯ জুলাই ২০২৬ ১০:৫৪ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১২:০৭

সারোয়ার আলমগীর।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রায় দেবেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার এক নম্বরে রয়েছে এ রিট আবেদন। গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত ৯ জুলাই রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নুরুল আমিন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। পরে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।

পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে নির্দেশ দেন, সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন, তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফল প্রকাশ করা যাবে না।

এর ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সবশেষে, গত ১৬ জুন আপিল বিভাগের আদেশে নুরুল আমিনের আপিল নিষ্পত্তি করা হয় এবং হাইকোর্টকে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে, রুলের নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। সেই রিটের রায় আজ ঘোষণা করা হবে।

 

 

 

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর