Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের সংখ্যা

স্টাফ করেসপন্ডেট
২০ জুন ২০২৬ ১৫:১২ | আপডেট: ২০ জুন ২০২৬ ১৮:৫০

বক্তব্য রাখছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্রমবর্ধমান মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ মোকাবিলায় ভবিষ্যতে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন টিমের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (২০ জুন) সকালে ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে দুটি ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে এবং প্রায় ৩০টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া নিয়মিত নতুন মামলাও যুক্ত হচ্ছে। একটি মামলার বিচার সম্পন্ন করতে সাধারণত ৩ থেকে ৪ মাস সময় লাগে, যদিও পরিস্থিতিভেদে এই সময় কম-বেশি হতে পারে।

বিজ্ঞাপন

তিনি জানান, মামলার সংখ্যা ও তদন্ত প্রতিবেদন বাড়তে থাকায় বিদ্যমান দুটি ট্রাইব্যুনালের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন হলে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার জনবল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হতে পারে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর তিনি ৫ থেকে ৬টি মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে কয়েকটির পুনঃতদন্ত শেষ হয়ে নতুন প্রতিবেদনও জমা পড়েছে। প্রতিটি মামলার ক্ষেত্রে নিরপেক্ষতা ও সততার সঙ্গে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তার ভাষ্য, কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধীও যেন আইনের ফাঁক গলে রেহাই না পান, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে প্রতিহিংসামূলক বা ভিত্তিহীন অভিযোগ এড়িয়ে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ না দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

এসআরএফ সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরসহ বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর