Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৪:২৫ | আপডেট: ১৭ জুন ২০২৬ ১৬:৪২

আবেদ আলী ও তার ছেলে সিয়াম

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মামলায় আগামী ৯ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, কারাগারে থাকা আসামি সিয়ামকে আদালতে হাজির করা হয়। তবে অভিযোগ গঠন শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন না করায় আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ৫ জানুয়ারি দুদক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করে।

মামলার এজাহার অনুযায়ী, সিয়ামের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে, আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি তার ১২টি ব্যাংক হিসাবে প্রায় ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধেও ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুর রহমানকে গত ২০ জানুয়ারি গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর