Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৫:৪৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৬:৫২

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদ

ঢাকা: বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাকে ঢাকার আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে, অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানায়।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনাইদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে। পরদিন একটি হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরে ৩১ মার্চ আরও ছয় দিনের রিমান্ড দেওয়া হয়। দুই দফায় মোট ১১ দিনের রিমান্ড শেষে তাকে আবার আদালতে হাজির করে চার দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের সময় ব্যাপক ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের আশপাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের ওপর হামলা চালানো হলে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর