Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নির্বাচনি প্রচারে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচনি প্রচারে অংশ নেওয়া নারীদের ওপর হামলা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনার বিরুদ্ধে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন (আল-মিসবাহ) এ রিট দায়ের করেন।

রিটে নির্বাচন কমিশন (ইসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া বৈধ নির্বাচনি প্রচারের সময় দেশের বিভিন্ন জেলায় নারীরা বিশেষ করে হিজাব পরিহিত নারীরা নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে গিয়ে হামলা ও হুমকির মুখে পড়েছেন। এসব ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো প্রতিরোধমূলক কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।

বিজ্ঞাপন

রিটে আরও উল্লেখ করা হয়, এসব ঘটনা বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদ (বৈষম্য নিষিদ্ধ), ৩২ অনুচ্ছেদ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা), ৩৬ অনুচ্ছেদ (চলাচলের স্বাধীনতা), ৩৭ অনুচ্ছেদ (সমাবেশের স্বাধীনতা), ৩৮ অনুচ্ছেদ (সমিতির স্বাধীনতা) এবং ৪১ অনুচ্ছেদ (ধর্মীয় স্বাধীনতা) লঙ্ঘনের শামিল।

পাশাপাশি সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনকে সহায়তা করার যে দায়িত্ব নির্বাহী বিভাগের রয়েছে, তা যথাযথভাবে পালন করা হয়নি বলেও আবেদনে দাবি করা হয়।

রিটকারী আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন বলেন, নারীদের ভয়মুক্ত অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হতে পারে না। নিরাপদ নির্বাচনি পরিবেশে প্রচারে অংশ নেওয়া নারীদের সাংবিধানিক অধিকার, যা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি জানান, আগামী রোববার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর